ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনের দৃষ্টিতে কেউ অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
শনিবার (২৩ মে) দুপুরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য নির্দিষ্ট আইন ও নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই মামলার বিচার সম্পন্ন করা হবে। তবে কিছু মহল ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।
তারেক রহমান অভিযোগ করে বলেন, একটি পক্ষ রাস্তা অবরোধ, যান চলাচল ব্যাহত করা এবং অগ্নিসংযোগের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করছে, যা আইনের শাসনের পরিপন্থি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে কিছু দুঃখজনক ঘটনা ঘটলেও রাজনৈতিকভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি সবাইকে শান্ত থাকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

