সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ।
সভায় বন্যা পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি জরুরি মেডিকেল টিম গঠন করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ,খাবার স্যালাইন (ওআরএস),পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ,স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে সার্বক্ষণিক সতর্ক ও তৎপর থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ বলেন,“বন্যা-পরবর্তী সময়ে ডায়রিয়া,পানিবাহিত রোগ,চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই আগাম প্রস্তুতি গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসা পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। জরুরি প্রয়োজনে মেডিকেল টিম দ্রুত মাঠে কাজ করবে এবং প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন,বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

