ভারতের চিকিৎসা ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর নেতৃত্বাধীন সরকারের আমলে গুরুত্বপূর্ণ এই ভর্তি পরীক্ষা স্বচ্ছতার জায়গা হারিয়ে ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী দাবি করেন, নিট পরীক্ষা এখন আর মেধার মূল্যায়নের মাধ্যম নয়, বরং এটি “বাণিজ্যিক লেনদেনের মতো” হয়ে উঠেছে, যেখানে অর্থের বিনিময়ে পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে পড়ছে। তার মতে, এই পরিস্থিতি লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে।
তিনি আরও অভিযোগ করেন, গত এক দশকে ভারতে একাধিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও কার্যকর সমাধান হয়নি। তার দাবি অনুযায়ী, বারবার তদন্ত ও আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরীক্ষাব্যবস্থার দুর্বলতা দূর করা সম্ভব হয়নি।
এই অভিযোগকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে, তবে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে।

