বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনকালে ইউএনও রুমানা আফরোজ প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবায় বিশেষ ভূমিকা রাখেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার এবং অনিয়ম প্রতিরোধে তার কঠোর অবস্থান ছিল উল্লেখযোগ্য।
এছাড়া ভূমি সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভিজিএফ-ভিজিডি বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন স্থানীয়রা। তাদের দাবি, এসব কার্যক্রমে তিনি কোনো অনিয়ম বা ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেননি।
স্থানীয় একাধিক সূত্র বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এতে তার ব্যক্তিগত ও প্রশাসনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় সমাজকর্মী, শিক্ষক ও পেশাজীবীরা তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, প্রশাসনের প্রতি জনআস্থাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বানও জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে স্থানীয়দের মতে, একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার প্রশাসনিক পরিবেশের জন্যও ক্ষতিকর বার্তা বহন করে।

