যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র আয়োজন ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নবম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’। আজ বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় আন্তর্জাতিক এই উৎসবে ছবিটির জমকালো ‘ইউকে প্রিমিয়ার’ অনুষ্ঠিত হবে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্নধর্মী গল্প ও সমসাময়িক নির্মাণশৈলীর কারণে ‘প্রেশার কুকার’ সিনেমাটিকে এই বিশেষ প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রিমিয়ারে অংশ নিতে ইতিমধ্যেই লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নির্মাতা রায়হান রাফী।
নিজের অনুভূতি প্রকাশ করে রাফী বলেন, “আমাদের এই সিনেমাটি অনেকটা ‘আর্টিস্টিক’ ধাঁচের। এ ধরনের চলচ্চিত্র সাধারণত ফেস্টিভ্যালে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটি ভালো চলছে, এর মধ্যেই লন্ডনে প্রিমিয়ারের আমন্ত্রণ আমাদের জন্য বড় অর্জন।”
বাংলা সিনেমাকে বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সেরা কাজগুলোই প্রতি বছর এখানে স্থান পায়। কেবল লন্ডন নয়, চলতি সপ্তাহে ছবিটি অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে উত্তর আমেরিকাসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
রায়হান রাফী ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটিতে একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী কাজ করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন:
চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী , মারিয়া শান্তসহ আরও অনেকে।

