মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী জেলা
নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশের পোশাক, নেমপ্লেটসহ সন্দেহজনক বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গ্রামের পাশের একটি ভুট্টা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় কিছু জিনিস পড়ে থাকতে দেখে কৃষকরা বিষয়টি লক্ষ্য করেন। পরে কাছ থেকে দেখে তারা পুলিশের পোশাক, একটি নেমপ্লেট, সিমকার্ড এবং একটি ধারালো চাকু উদ্ধার করেন। নির্জন স্থানে এসব সরঞ্জাম পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, কোনো অপরাধী চক্র অপরাধ সংঘটনের আগে বা পরে এসব সরঞ্জাম ব্যবহার করে সেখানে ফেলে যেতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সরঞ্জামগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় এখনও এক ধরনের উদ্বেগ বিরাজ করছে।

