দিনভর সরকারি কর্মসূচি শেষ করে রাতে রাজধানীর বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী পরিদর্শনে বের হন। তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং চলার পথে নগর পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রথমে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী ও বনানী চেয়ারম্যানবাড়ি হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শেষে গুলশানের সরকারি বাসভবনে ফিরে যান।
উপ-প্রেস সচিব আরও জানান, পুরো পরিদর্শনের সময় গাড়িতে বসেই প্রধানমন্ত্রী রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক পরিচ্ছন্নতা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়িবহরে উপস্থিত ছিলেন।

