হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বিরুদ্ধে দায়ের করা ছিনতাই মামলাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, “আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল। গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে!”
তিনি আরও লেখেন, “সেই পুরনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! Be a little dignified, please!”
উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ছাত্রদলের পক্ষ থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় সারজিস আলমসহ এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, এনসিপির দাবি, ওই সংঘর্ষে তাদের নেতাকর্মীরাই হামলার শিকার হয়েছেন এবং ঘটনায় সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও মামলার পর হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

