বাগেরহাটের রামপাল উপজেলায় সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিকের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ উঠেছে। ওই আইডি থেকে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৪ এপ্রিল বিকেলে বাঁশতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল তাজের বিরুদ্ধে একটি আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনার প্রতিবাদে ২৫ এপ্রিল রামপাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক, সোহেল তাজ, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মল্লিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে মোতাহার হোসেন মল্লিক বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এ ঘটনায় তিনি আগে থেকেই থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার উদ্দেশ্য ব্যক্তিদের সম্মানহানি করা।
সংবাদ সম্মেলনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

