জাহিদুল ইসলাম, সখিপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সখিপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকের আহমেদ, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ডালিম মিয়া প্রমুখ।
সভায় জানানো হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা, পাশাপাশি তাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে সহায়তা করতেই সরকার সারাদেশে এ উদ্যোগ নিয়েছে। একজন খেলোয়াড় সর্বোচ্চ দুইটি খেলায় অংশ নিতে পারবে বলেও জানানো হয়।
সভা শেষে সিদ্ধান্ত হয়, আগামী ২৯ এপ্রিল উপজেলা পরিষদ মাঠে খেলোয়াড়দের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

