লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”
তিনি আরও লেখেন, “আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন ও দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।”
পারিবারিক সূত্রে জানা গেছে, লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে কারিনা কায়সার ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নেওয়া হয়।
চিকিৎসকরা লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান তার বাবা কায়সার হামিদ।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখায় যুক্ত হন কারিনা কায়সার। ওটিটি ও ছোটপর্দায় তার কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। তার মৃত্যুতে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

