মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩ মে) দিবাগত রাতে পাবনা সদর উপজেলার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে তার নিজের নামে ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা এবং তার স্ত্রী ও সন্তানের নামেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, তার স্ত্রী মর্জিনা খাতুন স্বামীর অবৈধ আয়ে ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা এবং ছেলে ফজলে রাব্বি রিয়ন ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের সম্পদ ভোগ দখলে রেখেছেন।
এর আগে ২০২৫ সালের ১১ মার্চ দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই রোববার রাতে দুদকের একটি বিশেষ টিম পাবনা শহরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

