চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মজনু নামের এক যুবকের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। সোমবার ভোরের দিকে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস অফিসের সামনে দুর্ঘটনা ঘটে।
আলমডাঙ্গার ডাউকি ইউনিংনের বিনোদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মজনুর রহমান (২৬)। পেশায় একজন রাজমিস্ত্রী।
জানা গেছে, আজ ভোরের দিকে মজনুর রহমান তার ছোটভাই পলাশকে ঢাকায় পাঠানোর জন্য আলমডাঙ্গা বাস টার্মিনালে রাখতে আসেন। পলাশকে রেখে মজনু মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে রাস্তার উপরে রাখা ড্রেন নির্মান কাজের জন্য পাথর রাখা হয়। সাইকেলের চাকা পাথরে স্লিপ করে সড়কে পড়ে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে ছিল। পথচারিরা তাকে উদ্ধার করে ফাতেমা হাসপাতালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, বাড়ি ফেরার পথে ওই যুবক দুর্ঘটনায় মারা যায়। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

