সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আদালতের বিদ্যমান নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশীয় সংবাদমাধ্যমে তার বক্তব্য সম্প্রচার করা উচিত নয়।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু সংবাদমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় প্রথমে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক ও অনুরোধ জানাবে। প্রয়োজন হলে পরে আনুষ্ঠানিকভাবে নির্দেশনাও দেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, সরকার আপাতত কঠোর কোনো পদক্ষেপ নিতে চায় না। তবে গণমাধ্যমের উচিত আইন ও আদালতের আদেশের প্রতি সম্মান প্রদর্শন করা। পরিস্থিতির প্রয়োজন হলে ভবিষ্যতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তথ্য উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্য বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারে। তবে দেশের অভ্যন্তরে আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকলে স্থানীয় গণমাধ্যমের সেই নির্দেশনা মেনে চলাই আইনসম্মত ও দায়িত্বশীল আচরণ।

