মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বন্ধেরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে লুডু খেলাকে কেন্দ্র করে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২)-এর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিশুর মধ্যে মারামারি শুরু হলে নিরবের লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে হামদু মিয়াকে এলোপাতাড়ি আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় হামদু মিয়ার ছেলে হাসান (৮) গুরুতর আহত হয়েছে। এছাড়া লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর হামদু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলামান।’
শিশুদের লুডু খেলার মতো সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হলেও তা শেষ পর্যন্ত প্রাণহানির ঘটনায় গড়ানোয় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

