লালমনিরহাটে র্যাবের অভিযানে ৯৯ বোতল এসকাফ সিরাপ জাতীয় মাদকদ্রব্য জব্দসহ মো. আশরাফুল মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আশরাফুল লালমনিরহাট সদর উপজেলার হাজীপাড়া এলাকার মো. আব্দুল খালেক মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ১২ তারিখ বিকেলে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মোস্তফি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫টা ৪১ মিনিটের দিকে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় মোস্তফি বাজারের শ্রী বিষ্ণু চন্দ্র লোহার গ্রীলের দোকানের সামনে থেকে আশরাফুলকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
পরে তাকে গ্রেফতার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয় বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

