রেশন দুর্নীতি ও বাংলাদেশে গম পাচারের অভিযোগে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভার সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে আবারও তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী বুধবার (২২ এপ্রিল) তাঁকে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গেছে, করোনাকালীন সংকটের সময় পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে গম পাচারের চেষ্টা করা হয়েছিল। সে সময় বিএসএফ ও আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি গমে বোঝাই ট্রাক আটক করে। ওই সময় নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। ইডির দাবি, এই পাচার চক্রের সাথে প্রভাবশালী মহলের যোগসূত্র রয়েছে এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে নুসরাতের কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
নুসরাত জাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, তিনি তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক। তবে সিজিও কমপ্লেক্সের পরিবর্তে তিনি দিল্লির ইডি সদর দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার আবেদন জানাতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, নুসরাত জাহান এর আগেও ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামক একটি আবাসন সংস্থার ফ্ল্যাট জালিয়াতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। নতুন করে এই রেশন দুর্নীতি ও সীমান্ত পাচারের অভিযোগে তাঁর নাম জড়ানোয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে তলবের বিষয়ে অভিনেত্রী বা তাঁর রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

