শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল ও অপরাধ দমনে স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবাগত ওসি কমর উদ্দিন বলেন, “পুলিশ ও সাংবাদিকতা মুদ্রার এপিঠ-ওপিঠ। সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের চিত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই উঠে আসে। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও মাদক নির্মূল করা সম্ভব।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে কমলগঞ্জে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকার যানজট, জুয়া, মাদক ব্যবসা, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সমসাময়িক সমস্যার কথা তুলে ধরেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও সমকালের কমলগঞ্জ প্রতিনিধি প্রণিত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিশ্বজিৎ রায়, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাব্বির এলাহী, এম এ ওয়াহিদ রুলু, জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, যুগ্ম-সম্পাদক আহাদ মিয়া, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জের সভাপতি সাংবাদিক আব্দুস সালাম, মাহিদুল ইসলাম, শাহাব উদ্দিন, রাজন আবেদীন, রাজু দত্ত, মুমিনুল ইসলাম ও এসআই আমির উদ্দিন প্রমুখ।
এ সময় কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

