র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে এলিট ফোর্স হিসেবে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক কাঠামোর অধীনে র্যাব বা অনুরূপ একটি এলিট ফোর্স পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে বর্তমান কাঠামোর সংস্কার অথবা নতুন নামেও বাহিনী গঠন করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নতুন আইনের মাধ্যমে বাহিনীর জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে অপারেশনাল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুস্পষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্ব নির্ধারণ থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, অতীতে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানের দায় এককভাবে কিছু ব্যক্তির ওপর চাপানো উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
সরকার এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি। র্যাবের নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে, তবে সবকিছুই আইনি ও নীতিগত কাঠামোর মধ্যে নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

