পশ্চিমবঙ্গ সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের দেওয়া মাসিক সম্মানীও আগামী মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা কার্যকর থাকবে। তবে আগামী মাস থেকে ধর্মভিত্তিক অনুদান ও সহায়তা প্রকল্প বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।
সরকারি সূত্র অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত ধর্মীয় শ্রেণিভিত্তিক সহায়তা কর্মসূচিগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের সময় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই সহায়তা কাঠামো বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন সিদ্ধান্ত আসায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

