স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়সনসিংহের মুক্তাগাছায় উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে মামার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভাগ্নে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা পৌরসভার নন্দীবাড়ীতে।
অভিযোগকারী সুলেমান জানান, নানা আলীমুদ্দিনের নিকট থেকে তার মা ফরিদা বেগম উত্তরাধিকার সূত্রে মুক্তাগাছা পৌরসভার নন্দীবাড়িতে ১৯ শতাংশ জমি পান। সে সম্পত্তি থেকে ৬ শতাংশ নিজ অংশ জমি বাদে বাকী ১৩শতাংশ জমির মূল্য অনুপাতে ভাই-বোনদের থেকে হেবা দলিল করে নেবার পর জমিতে মাটি ভরাট করতে গেলে তার মামা মোঃ আব্দুর রাজ্জাক গং বাঁধা দেয়।
অকথ্য ভাষায় গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয়। পরে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা অপারগ হলে থানায় অভিযোগ করা হয়। সুলেমানের মা ফরিদা জানান, ওয়ারিস সূত্রে জমি পাবার পর সন্তানদের সাথে কথা বলে সবাইকে ভাগ করে দেই। অন্য সন্তানরা জমির অংশ হিসেবে সুলেমানের কাছে বিক্রি করে টাকা নিয়ে নেয়।
পরে সুলেমান জমিতে মাটি ফেলতে গেলে আমার ভাই বাঁধা দেয় আর হুমকি-ধামকি দেয়। বিবাদী রাজ্জাকের ছোটভাই রফিক জানান, বোন একবার ওয়ারিসের সম্পত্তি নিয়েছে কিন্তু সেটা লিখিত ছিল না। সে সুবাধে তারা আবার সম্পত্তি দাবি করছে। এ অবস্থায় বড় ভাই কোর্টে মামলা করেছে। মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিশ্চত হবার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

