জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে তাঁর জন্য ভালো একজন মনোরোগ বিশেষজ্ঞ (সাইকিয়াট্রিস্ট) দেখানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।
শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য না করার প্রতিশ্রুতি দিলেও পরে তা ভঙ্গ করেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। প্রমাণ হিসেবে দুই নেতার কল হিস্ট্রির স্ক্রিনশটও পোস্ট করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নাকি আমাকে কল করেনি, আমি নাকি অসত্য লিখেছি! সে অনুতপ্ত হয়ে আমাকে কথা দিয়েছিল যে আর কখনোই মাননীয় প্রধানমন্ত্রী, তাঁর পরিবার ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলবে না। কিন্তু কথা দেওয়ার পরেও গতকাল সে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য ভাষায় কথা বলেছে।”
ঘটনার তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, “যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারীর নিজের ওপর নিজের ব্যালেন্স নেই, সে কীভাবে রাজনীতির মতো কঠিন খেলায় ব্যালেন্স করবে? এনসিপি তাকে সামনে রেখে রাজনীতি করতে চাইলে ভুল করবে।”
এর আগের দিন শুক্রবার (৩১ জুলাই) এক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেছিলেন, পাটওয়ারী প্রথমে কল করে তাঁর বিরুদ্ধে কটু কথা না বলার জন্য অনুরোধ জানান। পরবর্তীতে গভীর রাতে আবারও কল দিয়ে বিভিন্ন বিষয়ে ‘ফাঁস’ করে দেওয়ার হুমকি দেন এবং অর্থনৈতিক লেনদেন ও ফ্ল্যাট কেনার মনগড়া অভিযোগ তুলে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে যা তথ্য আছে তা প্রকাশ করার চ্যালেঞ্জ জানান রাশেদ খাঁন।

