নরসিংদী প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের মাটিতে শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে নরসিংদীর মাধবদীর কৃতী সন্তান মাহিবাহ নূর বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের পিঙ্কনিভিল মিডল স্কুলে (Pinckneyville Middle School) সব বিষয়ে ‘এ’ গ্রেড অর্জন করায় তাকে মর্যাদাপূর্ণ ‘অল-এ অনার রোল’ (All As Honor Roll) সম্মাননায় ভূষিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়। মাহিবাহ নূর তার মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ গৌরব অর্জন করে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রশংসা কুড়িয়েছে।
মাহিবাহ নূর নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া গ্রামের সন্তান। তার পিতা অধ্যাপক ডা. এ.বি.এম মাহাবুব রহমান দেশের একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ জেনারেল ও অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবেও পরিচিত।
পেশাগত কারণে অধ্যাপক ডা. মাহাবুব রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও তার পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছে। মেয়ের এমন গৌরবময় অর্জনে তিনি আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিবাহর সম্মাননার সনদ প্রকাশ করে তিনি আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, বিদেশের মাটিতে বেড়ে উঠলেও মাহিবাহ নূর সবসময় নিজের শেকড় ও পারিবারিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে চলেছে। তার এই সাফল্য প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীসহ দেশের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
উল্লেখ্য, অধ্যাপক ডা. এ.বি.এম মাহাবুব রহমান বর্তমানে তার পিতার প্রতিষ্ঠিত ‘জামিয়া মুহাম্মাদিয়া ও এতিমখানা চরভাসানিয়া’ মাদরাসার মোতাওয়াল্লি হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষা, সমাজসেবা ও দ্বীনি কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

