মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং জেলার পুনর্বাসন ও করণীয় নির্ধারণে বান্দরবান পার্বত্য জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার, ১৭ জুলাই বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, পার্বত্য সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট মাধূবী মার্মা এমপি, বান্দরবান জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। সভায় জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন।
সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বর্তমান অবস্থা, ত্রাণ বিতরণ, রাস্তাঘাট ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বন্যা কবলিত মানুষের দ্রুত সহায়তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত এবং জেলার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে মতামত প্রদান করেন উপস্থিত কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন এবং দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসন কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

