বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রোববার (১৭ মে) ভোররাতে সদর উপজেলার বাঘামারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখা গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের মানুষকে ডাকা হয়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বাজারে থাকা দাহ্য পণ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের অধিকাংশ দোকান ও কয়েকটি বসতঘর আগুনে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। স্থানীয়দের দাবি, এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

