২০২৬ বিশ্বকাপ ঘিরে ওঠা নানা সমালোচনার জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তার সেই বক্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এক মানবাধিকার সংস্থার পরিচালক ইনফান্তিনোকে বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য বলে মন্তব্য করেছেন।
১৯ জুলাই শেষ হওয়া বিশ্বকাপের পর প্রকাশিত ১৫ পাতার এক খোলাচিঠিতে ইনফান্তিনো বলেন, ফিফাকে যারা ‘ঘৃণা’ করেন, তাদের উচিত সমালোচনার বদলে ‘ধ্যান করা, প্রার্থনা করা কিংবা ফুটবল ম্যাচ দেখা’। তিনি আরও দাবি করেন, সমালোচকেরা ফুটবল উৎসবের আনন্দ উপভোগ না করে ঘৃণা ও মিথ্যা গুজব ছড়াতেই ব্যস্ত ছিলেন।
তবে টিকিটের দাম বাড়িয়ে মুনাফা আয় এবং ডোনাল্ড ট্রাম্পের তদবিরের পর মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিল—এসব বিষয়সহ নানা বিতর্কে বিদ্ধ হয়েছিল এবারের বিশ্বকাপ।
বিশ্বকাপে ইনফান্তিনোর আচরণ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) অভিযোগ করা মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার ইনফান্তিনোর জবাবের প্রতিক্রিয়ায় বলেছে, এই বিবৃতি প্রমাণ করে নিজের অজনপ্রিয়তা সম্পর্কে তার কোনো ধারণাই নেই।
ফেয়ারস্কোয়ারের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা নিকোলাস ম্যাকগিহান ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে বলেন, ‘ইনফান্তিনোর হিসাব চুকানোর বক্তব্য বিশ্ব ফুটবল পরিচালনার ক্ষেত্রে তার অযোগ্যতাকে আরও প্রকট করে তোলে। তিনি সংস্থার ভেতরে তোষামোদকারীদের দ্বারা বেষ্টিত এবং বাইরে নিজের অজনপ্রিয়তার বাস্তব পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’

