মোঃ শরিফ বিল্লাহ, ডোমার প্রতিনিধি:
নীলফামারীতে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলায় প্রায় ২ লাখ ১০ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে হামের টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১ হাজারের বেশি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় যারা আগে টিকা নিয়েছে, তারাও এই ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াবে।
কর্মসূচি সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে।
জেলা সিভিল সার্জন বলেন, হামের সংক্রমণ রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে এবং গুজবে বিভ্রান্ত না হয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

