মেহেরপুরের গাংনী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন বিএনপি নেতা মুকুল হোসেন।
সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি গ্রামের কাথুলি সড়কের কাশেম মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ওই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেখান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত চলছে বলে জানিয়েছেন। স্থানীয়দের দাবি, এর আগেও মুকুল হোসেনকে লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছিল।

