স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের হানিফের ডাংগী কোল ও আকোটেরচর ইউনিয়নের কালাম শেখের ডাংগী এলাকায় এসব অভিযান চালানো হয়।
এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার আকোটেরচর এলাকার কালাম শেখের ডাংগী এলাকার শেখ সমাদের ছেলে আবুল কালাম আজাদ (৫৫) ও চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাংগী এলাকার শেখ কচিউদ্দিন ছেলে মো. লিটন শেখ (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাণিজ্যিক উদ্দেশে অবৈধভাবে কৃষিজমি থেকে ডেজ্রার মেশিন দিয়ে মাটি খনন করে বালু উত্তোলনের অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, আবাদি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি-বালু কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

