সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত (এমপি) বলেছেন, টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। ২০২০ এর পর ২০২৫ এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল যেটি সে সময় হয়নি। যেটা বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেওয়ার কারণে এই টিকাদান ব্যাহত হয়েছিলো।
এরআগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যাবস্থা তৈরি হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল ফলে দেখা গেল মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং অনেকেরই বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে তিনি একথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সাথে সাথে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহন করি। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুকিপূর্ণ, দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হলো। এতে এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লক্ষ শিশুকে টিকাদান করা হবে।
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ড. মো: নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ স্থানীয় নেতাকর্মীরাগণ।

