বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। মঙ্গলবার (১৯ মে) তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে সোমবার (১৮ মে) রাতে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পূর্ণভাবে গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনের পরই তিনি মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ে যোগদানপত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেন।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এই সিদ্ধান্ত অনুমোদন দেয়। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে নবগঠিত এই সিটি কর্পোরেশন কার্যক্রমে আসে এবং প্রথম প্রশাসক হিসেবে এম. আর. ইসলাম স্বাধীনকে নিয়োগ দেওয়া হয়।

