বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কিছুদিন আগে জ্বালানি খাতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল, তবে জেলা প্রশাসকদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গ্রামে লোডশেডিং হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোথাও লোডশেডিং নেই। তবে পল্লী বিদ্যুতের লাইনের কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক সমস্যা দেখা দিতে পারে।
তিনি আরও জানান, জ্বালানি সংকটের কারণে বড় ধরনের লোডশেডিং হয়নি। অতীতে কিছু উৎপাদন কেন্দ্রের যান্ত্রিক সমস্যার কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল।
মন্ত্রী বলেন, সরকারি সব স্থাপনায় সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

