কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা জোরদার ও অভিযোগ তদন্তের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদকে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মাসুম মিয়ার অনুমোদনে কমিটি গঠন করা হয়। পরে জেলা দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ (বাঁধন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনপত্র প্রকাশ করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীন এবং পৌর এনসিপির সদস্য সচিব লাভলু হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা শাখার সর্বস্তরে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন প্রদান এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, নবগঠিত শৃঙ্খলা কমিটি দলকে আরও সুসংগঠিত করতে, শৃঙ্খলা নিশ্চিত করতে এবং বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, কমিটি কুড়িগ্রামে এনসিপিকে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখবে।

