সালেক হোসেন রনি , কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পয়েন্টসম্যান (পি-ম্যান) ও জেলা রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সভাপতি ওসমান গনির বিরুদ্ধে হাজিরা খাতায় আগাম সই দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১১ মে থাকলেও তিনি ১২ মে তারিখের সইও দিয়ে রেখেছেন। এ বিষয়ে প্রমাণও মিলেছে।
ওসমান গনি জেলা রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ছিলেন। গত বছরের ২৮ এপ্রিল তাকে জেলা রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের আহ্বায়ক পদ দেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে সংগঠন ও অন্যান্য কর্মচারীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে ওসমান গনি প্রায়ই অফিস কামাই করেন। এমনকি এসব আড়াল করতে হাজিরা খাতায় আগাম সই দিয়ে রাখেন।
এ বিষয়ে প্রশ্ন করলে ওসমান গনি দাবি করেন, ‘আমি ১১ মে নাইট ডিউটি করেছিলাম। সকালে ঘুমের ঘোরে ভুল করে ১১ ও ১২ মে তারিখের ঘরে দুটি স্বাক্ষর করে ফেলেছি।’ আর শ্রমিক লীগ থেকে শ্রমিক দলে আসার বিষয়ে বলেন, ২০২৩ সালের ১৫ জুলাই শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা কমিটিতে নাম দিয়ে দিয়েছিলেন। তবে চার দিন পরই তিনি পদত্যাগ করেন বলে দাবি করেন।
ওসমান গনির আগাম স্বাক্ষরের বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, বিষয়টি তিনি ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

