জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও এলাকায় মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার শিকার হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংবাদিক মাহবুবুর রহমানের সঙ্গে কালু মোল্লা নামের এক ব্যক্তির বিরোধ চলছিল। ঘটনার দিন গোসাইরহাটে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে কালু মোল্লা, তার স্ত্রী মাহমুদা বেগম ও ছেলে মহসীন মোল্লাসহ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত সাংবাদিক জানান, কালু মোল্লা সরকারি খাস জমি দখল করে স্থায়ী ঘর নির্মাণ করেছিলেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। সুযোগ পেয়ে তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ভেদরগঞ্জ থানার ওসি কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে জমি কেনাবেচা ও টাকার লেনদেনজনিত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক মাহবুবসহ অপর পক্ষের একজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

