রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার সদস্যকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বহিষ্কৃত চারজন হলেন—শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই সংগঠনটির পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পর মহানগর দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। পাশাপাশি কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। অভিযোগ ওঠে, তাদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয়। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলসহ বিভিন্ন পর্যায়ে সমালোচনার সৃষ্টি হলে জামায়াতে ইসলামী নিজস্ব তদন্ত পরিচালনা করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

