ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘকালীন শাসনের অবসান ঘটাতে একজোট হয়েছেন দেশটির বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, তারা নিজেদের রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ভুলে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে পরাজিত করতে হাত মিলিয়েছেন।
ডানপন্থী নেতা বেনেট এবং মধ্যপন্থী নেতা লাপিদ তাদের দল দুটিকে একীভূত করে ‘টুগেদার’ নামে একটি নতুন রাজনৈতিক মঞ্চ গঠন করতে যাচ্ছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং নতুন নেতৃত্ব নিশ্চিত করতেই এই আকস্মিক জোট গঠন করা হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে ইয়ার লাপিদ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তারা একত্রিত হয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলকে এখন তার বর্তমান ধ্বংসাত্মক পথ পরিবর্তন করতে হবে এবং একটি স্থিতিশীল ও দায়িত্বশীল সরকার গঠন করতে হবে।

