যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে তেহরান কখনো আপস করবে না।
বুধবার এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কোনো দেশের জন্যই কাম্য নয়। তবে ইরানের ভূখণ্ড, স্বাধীনতা ও জাতীয় স্বার্থে আঘাত করে দেশটিকে নতি স্বীকার করানো যাবে—এমন ধারণা সম্পূর্ণ ভুল।
গাজার পরিস্থিতির উদাহরণ তুলে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলমান সংঘাতেও একটি ছোট ভূখণ্ডকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হয়নি। ফলে ইরানের মতো রাষ্ট্রকে পরাজিত করার চিন্তা বাস্তবসম্মত নয়।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক স্থাপনায় সামরিক হামলা চালানো হয়েছে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালিতে থাকা দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

