মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা ফোন করে বোমা হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত শর্ত না মানলে পরবর্তী রাতগুলোতেও বড় পরিসরে হামলা চালানো হতে পারে।
তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো যোগাযোগ বা অনুরোধের ঘটনা ঘটেনি। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মাধ্যমে দেওয়া বিবৃতিতে ট্রাম্পের দাবিকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছে।
আইআরজিসি আরও দাবি করে, ইরানের কোনো কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেননি এবং এই ধরনের বক্তব্য যুদ্ধ পরিস্থিতির দায় এড়ানোর চেষ্টা।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পেয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক স্থানে সামরিক অভিযান চালিয়েছে, অন্যদিকে তেহরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতে, এসব অভিযান ইরানের সাম্প্রতিক “উসকানিমূলক কর্মকাণ্ডের” জবাবে পরিচালিত হয়েছে।

