ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। অভিযানে যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা রাডার, সি-র্যাম (C-RAM) আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত আইআরজিসির অষ্টম বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন নাসর-২’-এর দ্বিতীয় ধাপের অংশ হিসেবে নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এ হামলা চালায়। তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবেই এই আক্রমণ পরিচালিত হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে। একই সঙ্গে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা রাডার, নৌবহরের আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং সি-র্যাম আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করা হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর চালকবিহীন সারফেস ভেসেল পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রও হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই পাল্টা সামরিক অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ধাপের অভিযানও অব্যাহত থাকবে।
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

