এম.শাহীন আল আমীন, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জের একজন আইনজীবি ও বিএনপি নেতার কল রেকর্ড ফাসঁ হয়েছে। কল রেকর্ডে দেওয়ানগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জমশেদ আলী জামালপুর জজ কোর্টের আইনজীবি রোকুনুজ্জামানকে নানাভাবে হুমকি দিচ্ছে। এক পর্যায়ে বলতে শোনা যায় “মামলা না ছাড়লে তোমার খবর করে ফেলবো”।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জমশেদ আলী আদালতের একটি মামলার আসামী পক্ষের তদবির করছিলেন। নগদ টাকাও লেনদেন হয় আসামী পক্ষ ও শ্রমিক দল নেতা জমশেদ আলীর মধ্যে। কিন্তু আসামীর জামিন হয়নি। তাই আসামী পক্ষ আইনজীবি পরিবর্তন করে মামলা পরিচালনার জন্য এডভোকেট রোকুনুজ্জামানকে পাওয়ার দেন। জমশেদ আলী মোবাইল ফোনে মামলাটি আইনজীবি রোকুনুজ্জামানকে ছেড়ে দিতে বলেন। আইনজীবি বিবাদী পক্ষ ছাড়া মামলা ছেড়ে দিতে অস্বীকার করলে শ্রমিক নেতা জমশেদ আলী ক্ষেপে যান। তিনি মোবাইলে আইনজীবির সাথে আশালিন আচরণ করেন। কলরের্কডের অংশ বিশেষে শ্রমিক নেতা জমশেদ আলীকে বলতে শোনা যায়- “মামলার ফাইল ছাড়তে বলছি ছেড়ে দাও, ফাইলে স্বাক্ষর করে দাও, এই মামলার ফাইল অন্য কেউ চালালে আপত্তি নেই, এখন মামলা ছেড়ে দাও। আমার কথা অনুযায়ি মামলা ছাড়তে হবে, মামলা না ছাড়লে তোমার খবর করে ফেলবো আমি। তোমার উকালতি পেশা ছাড়াবো আমি। মানুষ চিনো তুমি ! এলাকায় ঢুকা বন্ধ করে দিবো”। ২৮ জুনের কল রেকর্ডটি সোসাল মিডিয়ায় ফাসঁ হয় ১৮ জুলাই রাতে।
দেওয়ানগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জমশেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, এডভোকেট রোকুনুজ্জামান আমার আত্মীয়। আমি রাগের বসবতি হয়ে মোবাইলে কথা গুলো বলেছি।
দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা ও জামালপুর জজ কোর্টের এডভোকেট রোকুনুজ্জামান বলেন, এ বিষয়ে ২৯ জুন জামালপুর সদর থানায় অনলাইনে একটি জিডি করেছি। জিডি নং ১৯৬০। তিনি বলেন, কল রের্কডের ঘটনা শতভাগ সত্য। জামালপুর সদর থানার এসআই মোস্তাক আহমেদ ঘটনার তদন্ত করছেন।

