আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার ব্যর্থ হলে দেশ গভীর সংকটে পড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে অন্ধকার বাস্তবতা তৈরি হবে। তিনি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) যশোর জেলা আইনজীবী সমিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বিএনপিকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তবে দলটি জুলাই সনদকে ধারণ করে এগোচ্ছে এবং এটিকে দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করছে। তিনি ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের ঘটনাকে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়েছিল। এর মধ্যে বৈশ্বিক পরিস্থিতিও জটিল হয়েছে। তবুও সরকার দীর্ঘ সময় জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলে উল্লেখ করেন তিনি।
বিচার বিভাগ নিয়েও সমালোচনা করেন আইনমন্ত্রী। তার ভাষায়, বিচার ব্যবস্থায় বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে, যার মধ্যে ‘ইন্টেলেকচুয়াল দুর্নীতি’ অন্যতম। তিনি অভিযোগ করেন, অতীতে বিচার বিভাগের কিছু সিদ্ধান্তের কারণে বহু মানুষ গুম ও ক্রসফায়ারের শিকার হয়েছেন এবং বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সভায় তিনি সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

