জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, টক-শোতে দেওয়া তার বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে প্রচার করা হয়েছে, ফলে বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে। তার দাবি, তিনি কখনোই জুলাই গণঅভ্যুত্থানকে ‘ডিজাইন করা আন্দোলন’ বা ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দেননি।
নিলোফার মনি বলেন, তিনি সবসময়ই জুলাই আন্দোলনের সমর্থক ছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন টক-শোতে অংশ নিয়ে আন্দোলনের পক্ষেই অবস্থান নিয়েছেন। ‘ডিজাইন’ শব্দ ব্যবহারের প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, আন্দোলন দমনের সময় যেভাবে পরিকল্পিতভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তরুণদের হত্যা করা হয়েছিল, সেই সুপরিকল্পিত হত্যাকাণ্ডের দিকেই তিনি ইঙ্গিত করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, আন্দোলনকে নয়, বরং হত্যার পরিকল্পনাকেই তিনি ‘ডিজাইন’ হিসেবে উল্লেখ করেছিলেন।
তিনি আরও বলেন, বক্তব্যের সেই অংশ কেটে আলাদাভাবে প্রচার করায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এর আগে একটি টেলিভিশন টক-শোতে নিলোফার চৌধুরী মনি বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে মূল চালিকাশক্তি কারা ছিলেন, সে বিষয়ে নিশ্চিতভাবে মন্তব্য করা কঠিন। তার মতে, অনেক মানুষ অন্যায়ের প্রতিবাদ ও আবেগ থেকে আন্দোলনে যোগ দিয়েছিলেন। আলোচনার একপর্যায়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাপ্রবাহে একটি ‘ডিজাইন’ ছিল, তবে সেটিকে ষড়যন্ত্র বলা যাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আন্দোলন নিয়ে নানা বিষয় পর্যালোচনা করার পরও কিছু প্রশ্নের উত্তর এখনো তার কাছে পরিষ্কার নয়।
তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি নিলোফার মনির দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী ভূমিকার প্রতি সম্মান জানিয়ে লিখেন, টেলিভিশনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তার বক্তব্যে ছাত্রদল গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। একই সঙ্গে তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে ওই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হচ্ছে।
পোস্টে রাকিব আরও বলেন, জুলাইয়ের চেতনায় বিশ্বাসী একজন রাজনীতিক হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে আরও দায়িত্বশীল, সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখবেন—এমন প্রত্যাশা ছাত্রদলের।

