যুক্তরাষ্ট্রে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের পাশাপাশি দক্ষ কারিগরি পেশার কর্মীর ঘাটতি দেশটিকে বড় ধরনের অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Ford Motor Company-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Jim Farley।
সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তরুণদের চার বছরের বিশ্ববিদ্যালয় ডিগ্রির দিকে বেশি উৎসাহিত করা হয়েছে। ফলে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিন টেকনিশিয়ান, অটোমোটিভ মেকানিকসহ বিভিন্ন দক্ষ কারিগরি পেশায় নতুন কর্মীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে।
ফারলি মনে করেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র একটি “বিশাল সংকটের” মুখে পরবে। কারণ দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্প উৎপাদন, জ্বালানি খাত, নির্মাণশিল্প এবং উৎপাদনমুখী অর্থনীতি দক্ষ ট্রেড কর্মীদের ওপরই নির্ভরশীল।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা অফিসভিত্তিক অনেক কাজের ধরন বদলে দিতে পারে। কিন্তু বিদ্যুৎ সংযোগ, পাইপলাইন মেরামত, যন্ত্রপাতি স্থাপন, যানবাহন সার্ভিসিং কিংবা কারখানার জটিল যান্ত্রিক কাজ এখনো মানুষের দক্ষতার বিকল্প খুঁজে পায়নি। ফলে এসব পেশার গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে।
ফোর্ড প্রধানের মতে, সমাজে কারিগরি শিক্ষার মর্যাদা বাড়ানো জরুরি। অনেক দক্ষ ট্রেড কর্মী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চাকরিজীবীদের তুলনায় ভালো আয় করেন, তবুও এসব পেশাকে ঠিক ভাবে গুরুত্ব দেওয়া হয় না। এ কারণে তরুণদের মধ্যে কারিগরি প্রশিক্ষণ গ্রহণের আগ্রহও কমে যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাঠামো উন্নয়ন, বৈদ্যুতিক যান (EV) উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প এবং নতুন কারখানা নির্মাণের কারণে দক্ষ শ্রমিকের চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু অবসর গ্রহণকারী পুরোনো কর্মীদের জায়গায় পর্যাপ্ত নতুন কর্মী আসছে না।
ফারলি মনে করেন, ভবিষ্যতের কর্মসংস্থানের বাজারে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পাশাপাশি কারিগরি শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণ সমান গুরুত্ব পাওয়া উচিত। অন্যথায় প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও দক্ষ জনবলের অভাবে যুক্তরাষ্ট্রের শিল্প ও উৎপাদন খাত বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকেই যেখানে এআইয়ের কারণে চাকরি হারানোর আশঙ্কা করছেন, সেখানে ফোর্ড সিইও মনে করিয়ে দিলেন—প্রযুক্তির উন্নতির পাশাপাশি বাস্তব অর্থনীতিকে সচল রাখতে দক্ষ কারিগরি কর্মীদের বিকল্প এখনো তৈরি হয়নি।

