সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ক্ষীণ দৃষ্টি ও চক্ষু সমস্যায় আক্রান্ত মানুষের জন্য বিনামূল্যে চশমা প্রদান এবং ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগে পাঁচ শতাধিক রোগী চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের শংকরসেনা গ্রামের বানেশ্বরনাথ মহাদেব মন্দির প্রাঙ্গণে অবস্থিত শ্রীশ্রী নির্মাই শিববাড়িতে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; শ্রীশ্রী নির্মাই শিববাড়ি ও দয়াময়ী কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি ডা. সত্যকাম চক্রবর্ত্তী। সার্বিক তত্ত্বাবধানে ছিল শ্রীশ্রী নির্মাই শিববাড়ি ও দয়াময়ী কালীবাড়ি পরিচালনা পরিষদ। চিকিৎসাসেবা প্রদান করে বিএনএসবি চক্ষু হাসপাতাল,মৌলভীবাজারের চিকিৎসক দল।
ক্যাম্পে আগত ক্ষীণ দৃষ্টি সম্পন্ন রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি ছানি অপারেশনের উপযোগী রোগীদের প্রাথমিকভাবে বাছাই করা হয়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ এ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ডা. সত্যকাম চক্রবর্ত্তী বলেন, সমাজের অসচ্ছল ও চক্ষু সমস্যায় ভোগা মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ বলেন, মানবসেবাই ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষ যাতে সহজে প্রয়োজনীয় সেবা পান, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
বিএনএসবি চক্ষু হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা জানান,চোখের রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক জটিলতা এড়ানো সম্ভব। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগী নির্বাচন করা হয়েছে।
চিকিৎসাসেবা গ্রহণকারী খলিলপুর এলাকার সন্ধ্যা রাণী (৬৫) বলেন,বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা পেয়ে তিনি উপকৃত হয়েছেন। তার মতো নিম্নআয়ের মানুষের জন্য এমন উদ্যোগ অনেক সহায়ক।
সাইটুল এলাকার চাম্পালাল কুরমি (৫৭) বলেন, গ্রামের মানুষের কাছে এ ধরনের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে সময় ও অর্থ দুটিই সাশ্রয় হয়।
সেবা গ্রহণকারীরা বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে,এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য,শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শ্রীশ্রী নির্মাই শিববাড়ি ও দয়াময়ী কালীবাড়ি পরিচালনা পরিষদ,শংকরসেনা,শ্রীমঙ্গলের উদ্যোগে এরকম চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে হাজারো অসহায়-অস্বচ্ছলদের চিকিৎসাসেবা প্রদান করে আসছে।

