সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (১৭ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সেবার উদ্বোধন শেষে তিনি বলেন, ডিজিটাল অবকাঠামো এখন দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।
তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে। তবে এখন মূল লক্ষ্য শুধু সংযোগ বৃদ্ধি নয়, বরং এটিকে আরও নিরাপদ, সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করা।
মন্ত্রী আরও বলেন, আইসিটি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ, স্টার্টআপ উন্নয়ন, ভেঞ্চার ক্যাপিটাল, সাইবার নিরাপত্তা, বিপিও, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর খাত ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠবে।
তার মতে, বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। “মেড ইন বাংলাদেশ”, “অ্যাসেম্বলড ইন বাংলাদেশ” ও “সার্ভিসড ইন বাংলাদেশ”—এই ধারণাগুলো এখন বাস্তবায়নের পথে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যাত্রীসেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

