শেরপুরের শ্রীবরদীতে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে শ্রীবরদী খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পন্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুনসহ স্থানীয় কৃষক, চালকল মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বছর শ্রীবরদী উপজেলায় কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান এবং ৩৬৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

