মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে আগুনে প্রায় ৪৮ টি দোকানপাট ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
শনিবার (১৬ মে) দিনগত রাত সাড়ে তিনটার দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে আগুন লাগার বিষয়টি ঘোষণা করা হলে আশপাশের লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তবে বাঁশ ও কাঠের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্গম এলাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়।
জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা বলেন, প্রাথমিকভাবে প্রায় ৪৮টি দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁরা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, “আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্গম এলাকা হওয়ায় কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।”
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বাঘমারা বাজার পুড়ে গিয়েছিল। তখনও বাজারে অনেক ব্যবসায়ীর ক্ষতিগ্রস্ত হয়।

