রাজ্য রাজনীতিতে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) জানিয়েছে, তাদের সংস্কার কর্মসূচি ও ঐক্য এখনও অটুট রয়েছে। একই সাথে জোট ভাঙার খবরকে ভিত্তিহীন দাবি করে জামায়াত নেতারা অভিযোগ করেছেন, বিরোধী মত মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার চক্রান্তমূলকভাবে তাদের ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে।
১১ দলীয় জোটে ফাটল ধরা এবং এনসিপি বেরিয়ে যাচ্ছে—সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে কথা বলেন দল দুটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির স্পষ্ট জানান, ১১ দলীয় জোট থেকে এনসিপি বের হয়ে যাওয়ার বিষয়ে দলের পলিটিক্যাল কাউন্সিল বা এক্সিকিউটিভ কমিটির কোনো ফোরামেই আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। নেতাকর্মীদেরও এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “নির্বাচনী সমঝোতার পর সংসদ এবং রাজপথে ১১ দল একসঙ্গে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছে। সরকার সংস্কার ও গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্যর্থ হয়ে এখন আন্দোলন দুর্বল করতে চক্রান্ত ও বিভ্রান্তি ছড়াচ্ছে।”
জোটের শরিকদের দাবি, সংস্কার ও গণভোটসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা একতাবদ্ধ রয়েছে এবং সরকারের পাতা কোনো ফাঁদে শরিক দলগুলো পা দেবে না।

