আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার।
বুধবার (১৩ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানান, এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, গত বছর যা ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ ক্রয় করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলায় লবণ বিতরণ করা হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, মসজিদ ও মাদরাসার মাধ্যমে চামড়া সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এছাড়া খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য জেলা ও উপজেলা প্রশাসন মসজিদ-মাদরাসার প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবে, যাতে কোরবানির পর সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা যায়।

